পুবের কলম ওয়েব ডেস্ক: পূর্বঘোষণা অনুযায়ী রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা যোজনা 'আয়ুষ্মান ভারত'-এর আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি যাঁদের নাম কেন্দ্রীয় প্রকল্পে থাকবে না, তাঁদের জন্য চালু হয়েছে 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা'। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই দুই প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় ৩৮ হাজার ৬০৪টি হাসপাতালে ক্যাশলেস বা নগদহীন চিকিৎসার সুবিধা মিলবে।
আরও পড়ুন:
আয়ুষ্মান ভারত প্রকল্পের উপভোক্তা কীভাবে বাছাই করা হবে, তার একটি স্পষ্ট রূপরেখা দিয়েছে রাজ্য। নির্দিষ্ট তথ্যভান্ডারে নাম থাকলে সরাসরি ওয়েবসাইট থেকে কার্ড ডাউনলোড করা যাবে।
তালিকায় নাম না থাকলে ২০১৩ সালের জাতীয় খাদ্যসুরক্ষা আইনের আওতায় থাকা রেশন কার্ডের তথ্য যাচাই করা হবে। সেখানে নাম থাকলে ই-কেওয়াইসি বা বাড়ি বাড়ি সমীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। যাঁদের নাম এই তালিকাতেও নেই, তাঁরা 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা'-র জন্য আবেদন করতে পারবেন।আরও পড়ুন:
আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন রাজ্যের প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবার, অর্থাৎ প্রায় ৬ কোটি মানুষ। অন্যদিকে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা পাবেন রাজ্যের আরও ৮০ লক্ষ বাসিন্দা। মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার, দিনমজুর এবং ৭০ বছরের ঊর্ধ্বের সমস্ত প্রবীণ নাগরিক এই কেন্দ্রীয় প্রকল্পের সম্পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন।