পুবের কলম ওয়েব ডেস্ক: হায়দরাবাদের পর ফের সমাবর্তন অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তকে আমন্ত্রণের বিরোধিতা করলেন আইন পড়ুয়ারা। এবার প্রতিবাদে সরব হলেন ভারতের অন্যতম শীর্ষস্থানীয় আইন শিক্ষাপ্রতিষ্ঠান ‘ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি’ (এনএলএসআইইউ)-এর বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। পাশাপাশি, ওই অনুষ্ঠানে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (বিসিআই) চেয়ারম্যান মানান কুমার মিশ্রাকে আমন্ত্রণ জানানো নিয়েও তাঁরা তীব্র আপত্তি তুলেছেন।

শনিবার একটি চিঠিতে এনএলএসআইইউ-এর পড়ুয়ারা মূলত হায়দরাবাদের নালসার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তাঁদের নিঃশর্ত সমর্থন জানিয়েছেন। এর আগে প্রধান বিচারপতির ‘ককরোচ’ মন্তব্যের জেরে নালসারের সমাবর্তনে তাঁর উপস্থিতির বিরোধিতা করেছিলেন সেখানকার পড়ুয়ারা।

এর জেরে ওই বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের স্নাতকদের আইনজীবী হিসেবে নথিভুক্ত করার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল বিসিআই, যা অবশ্য কয়েক ঘণ্টা পরেই প্রত্যাহার করা হয়।

 এনএলএসআইইউ-এর প্রতিবাদী পড়ুয়াদের দাবি, আইন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের পেশাগত ভবিষ্যতের ভয় না পেয়ে প্রভাবশালী কর্তাদের সঙ্গে স্বাধীনভাবে মতবিরোধ প্রকাশ করার অধিকার পাবেন কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

উল্লেখ্য, নালসারের পড়ুয়াদের বিরুদ্ধে বিসিআই-এর ওই শাস্তিমূলক পদক্ষেপের কড়া সমালোচনা করেছিলেন স্বয়ং প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি জানিয়েছিলেন, পড়ুয়াদের প্রতিবাদ করার অধিকার রয়েছে এবং এই বিষয়ে বিসিআইয়ের হস্তক্ষেপ করা একেবারেই উচিত হয়নি। সুপ্রিম কোর্টও বিসিআইয়ের জারি করা বিজ্ঞপ্তির জবাব তলব করেছে।