পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের মহিলাদের পাশে দাঁড়াতে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে বড়সড় বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান থেকে তিনি জানান, উপভোক্তাদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এই প্রকল্পে রাজ্যের বার্ষিক বরাদ্দ ৩৬ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৪৮ হাজার কোটি টাকা করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের প্রসারের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত এই প্রকল্পের জন্য মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে গত ১০ জুলাই পর্যন্ত জমা পড়া ১ কোটি ৬৬ লক্ষ আবেদনের যাচাই পর্ব শেষে ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে অনুমোদন দেওয়া হয়েছে।

গত ১৭ অগস্ট থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢুকতে শুরু করেছে। ২০ তারিখ দুপুরের মধ্যে অনুমোদিত বিপুল সংখ্যক উপভোক্তা এই টাকা পেয়ে যাবেন বলে প্রশাসন সূত্রে খবর। আগামী দিনে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

অন্যদিকে, ১০ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জমা পড়া বাকি ১৪ লক্ষ আবেদনের যাচাইপর্ব বর্তমানে চলছে। এই তালিকা থেকে যাঁরা যোগ্য বিবেচিত হবেন, তাঁরাও প্রকল্পের সুবিধা পাবেন।

কোনও যোগ্য মহিলা যাতে এই প্রকল্প থেকে বাদ না পড়েন, তা নিশ্চিত করতে আগামী ২০ তারিখ থেকে নতুন একটি পোর্টাল চালু করা হচ্ছে। তালিকা থেকে বাদ পড়া মহিলারা সেখানে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। প্রশাসন সেই আবেদন খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

যোগ্য উপভোক্তা বাছাইয়ের ক্ষেত্রে এলাকার মহিলা মোর্চাকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, আর্থিকভাবে সচ্ছল মহিলাদের কাছে তাঁর বিনীত আবেদন, তাঁরা যেন স্বেচ্ছায় এই প্রকল্পের আর্থিক সুবিধা গ্রহণ থেকে বিরত থাকেন। এর ফলে তাঁদের জায়গায় প্রকৃত অভাবী মহিলারা এই প্রকল্পের সুযোগ পাবেন। ক্রমবর্ধমান উপভোক্তাদের এই বিপুল চাহিদা মেটাতেই অন্নপূর্ণা যোজনা প্রকল্পে রাজ্য সরকার বাজেটে এই রদবদল আনল বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।