পুবের কলম ওয়েব ডেস্ক: প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে আয়োজিত জনগণনার অনলাইন ‘সেলফ এনুমারেশন’ বা স্ব-নথিবদ্ধকরণ পর্ব শেষ হয়েছে। টানা পনেরো দিন ধরে চলা এই প্রক্রিয়ায় দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পিছনে ফেলে শীর্ষস্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। রাজ্যে মোট ৯৩.৮৪ শতাংশ অর্থাৎ ৫৩ লক্ষ ১৩ হাজার ৫৮৯টি সেলফ এনুমারেশন সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ায় নাগরিকরা নিজেরাই অনলাইনে নিজেদের তথ্য নথিবদ্ধ করার সুযোগ পেয়েছিলেন।
আরও পড়ুন:
সোমবারের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের জেলাগুলির মধ্যে এই কাজে সবচেয়ে এগিয়ে রয়েছে মালদহ।
এই জেলার ৯৬.৩৯ শতাংশ বাড়িতেই সেলফ এনুমারেশনের কাজ শেষ হয়েছে। মালদহ ছাড়াও মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং কোচবিহার জেলায় সাফল্যের হার ৯৪ শতাংশের বেশি।আরও পড়ুন:
অন্যদিকে, এই কাজে রাজ্যের মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে পশ্চিম বর্ধমান (৮৬.৬৯ শতাংশ)। এই তালিকায় বেশ খানিকটা পিছনের দিকে রয়েছে কলকাতা (৮৭.০১ শতাংশ), পুরুলিয়া (৮৭.৪৯ শতাংশ) এবং দার্জিলিং (৮৮.৯৯ শতাংশ)। এই জেলাগুলি এখনও ৯০ শতাংশের গণ্ডি পেরোতে পারেনি।
আরও পড়ুন:
অনলাইন পর্ব শেষ হওয়ার পর এবার শুরু হতে চলেছে পরবর্তী ধাপ। যে সমস্ত নাগরিক অনলাইনে নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারেননি, জনগণনার কর্মীরা এবার তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সেই কাজ সম্পন্ন করবেন। একইসঙ্গে যাঁরা অনলাইনে তথ্য দিয়েছেন, তাঁদের সেই তথ্যের সত্যতাও যাচাই করে দেখা হবে। এরপর আগামী ফেব্রুয়ারি মাস থেকে জনগণনার দ্বিতীয় দফার কাজ শুরু হবে। সেই পর্যায়ে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মোট ৪০টি প্রশ্নমালার মাধ্যমে পরিবারের প্রতিটি সদস্যের বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন।