উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: জাতীয় সংগীত অবমাননার অভিযোগের প্রতিবাদে সোমবার বিকালে জয়নগর পৌরশহরে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করলো ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। জয়নগর যুব মোর্চার তিন নং মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিজেপির বহু কর্মী-সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জাতীয় সংগীতের মর্যাদা রক্ষার দাবিতে এদিন বিকেলে জয়নগর থানার মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়।

মিছিলটি রথতলা, স্টেশন মোড়, কাঁসারি পাড়া ও মুখার্জি পাড়া হয়ে মিত্রপাড়া এলাকা পরিক্রমা করে পুনরায় জয়নগর থানার মোড়ে এসে সমাপ্ত হয়।

মিছিল থেকে জাতীয় সংগীত এর মর্যাদা রক্ষার দাবি জানিয়ে বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকেরা বিভিন্ন স্লোগান দেন। বিজেপির অভিযোগ, কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় সংগীতের অবমাননা করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদেই এদিন এই কর্মসূচি পালন করা হয়েছে বলে দলীয় নেতৃত্বের দাবি। মিছিলকে কেন্দ্র করে জয়নগর পৌর শহরে রাজনৈতিক উত্তাপও লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, বিজেপি যুব মোর্চার ১ নম্বর মণ্ডলের উদ্যোগে দক্ষিণ বারাশত মগরাহাট মোড়েও একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানেও জাতীয় সংগীত অবমাননার অভিযোগের তীব্র প্রতিবাদ জানানো হয়। এই সমাবেশেও বিজেপির বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে জয়নগর ও দক্ষিণ বারাশত এলাকার রাজনৈতিক মহলে এখন জোর চর্চা শুরু হয়েছে।