পুবের কলম ওয়েব ডেস্ক: আগামী ১৮ আগস্ট, মঙ্গলবার রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ১০০ দিনে পা রাখতে চলেছে। এই উপলক্ষে কোনও আড়ম্বর নয়, বরং নিবিড় জনসংযোগের মাধ্যমেই দিনটি উদযাপন করতে চাইছে রাজ্য সরকার। বিগত ১০০ দিনে সরকার কী কী জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে 'পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের ১০০ দিন' শীর্ষক ৪১ পাতার একটি বিশেষ পুস্তিকা প্রকাশ করা হয়েছে।

রাজ্যে বিনিয়োগের পরিমাণ, সামাজিক প্রকল্পগুলির বিস্তার, প্রশাসনিক স্তরের বিভিন্ন সংস্কার, নারী নিরাপত্তা এবং আর্থিক ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির বিস্তারিত খতিয়ান রয়েছে এই বইটিতে। পূর্বতন সরকারের আমলের দুর্নীতি বা 'কাটমানি' সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রশাসন ও সরকারি নিয়োগ প্রক্রিয়ায় কতটা স্বচ্ছতা আনা হয়েছে, মূলত সেই দিকটিতেই জোর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই প্রচারের অঙ্গ হিসেবে এই পুস্তিকা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। সরকারের বর্তমান কাজকর্মের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে বঙ্গবাসীকে সরাসরি অবহিত করাই এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য।