পুবের কলম ওয়েব ডেস্ক: বিজেপির কনিষ্ঠতম সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন তাঁর নতুন কার্যনির্বাহী দলের তালিকা প্রকাশ করেছেন। সোমবার ঘোষিত এই কমিটিতে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মেলবন্ধন ঘটানো হয়েছে। তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে দলের সর্বভারতীয় সহ-সভাপতি পদে ফিরেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। পাশাপাশি, ২০২৪ সালের লোকসভা ভোটে পরাজয়ের পর রাজনীতি থেকে কিছুটা দূরে থাকা স্মৃতি ইরানিকেও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে আনা হয়েছে।
আরও পড়ুন:
নীতীনের এই নতুন টিমে বাংলা থেকেও দু'জন নেতা জায়গা করে নিয়েছেন। ক্যানসার চিকিৎসক মধুছন্দা করকে সর্বভারতীয় সহ-সভাপতি এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকে সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে। এছাড়া দলের আইটি সেলেও বড়সড় রদবদল ঘটিয়েছে শীর্ষ নেতৃত্ব। দীর্ঘ ১০ বছর ধরে আইটি সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা অমিত মালব্যকে সরিয়ে তাঁর জায়গায় ছত্তিশগড়ের দীপক মাস্কেকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সংসদের বাদল অধিবেশন, স্বাধীনতা দিবস এবং অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীর কর্মসূচির পরেই পূর্বপরিকল্পনা অনুযায়ী এই নতুন কমিটি ঘোষণা করল গেরুয়া শিবির।