পুবের কলম, ওয়েবডেস্ক: তিন বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির কারণে নিট পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র বিরুদ্ধে নতুন করে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিট প্রশ্নফাঁস বিতর্কের জেরে ইতিমধ্যেই তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই ইউজিসি-নেট পরীক্ষা বাতিল নিয়ে এনটিএ-এর প্রশাসনিক ব্যর্থতাকে সোচ্চার ভাষায় সমালোচনা করলেন তিনি। গতকাল এনটিএ ঘোষণা করে, ইংরেজি, কমার্স এবং সমাজবিজ্ঞান—এই তিনটি বিষয়ের ইউজিসি-নেট পরীক্ষা বাতিল করা হয়েছে এবং সেগুলো নতুন করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একটি বিশেষজ্ঞ কমিটি প্রশ্নপত্রের ত্রুটি সংক্রান্ত অভিযোগ পর্যালোচনার পর পরীক্ষা গ্রহণের প্রায় দুই মাস পর এই পুনঃপরীক্ষার সিদ্ধান্ত জানানো হয়।এই সিদ্ধান্ত সামনে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ পোস্ট করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করেন রাহুল গান্ধী। তিনি লেখেন, "মোদী জী, দেখুন আপনার এনটিএ ঠিক কী কাণ্ড ঘটিয়েছে! হাজার হাজার পরীক্ষার্থী যাঁরা বছরের পর বছর প্রস্তুতি নিয়েছেন, ফর্ম ফিলাপ করেছেন, ফি দিয়েছেন এবং দূরের কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়েছেন—তাদের আগামী সেপ্টেম্বরে আবার সবকিছু নতুন করে করতে হবে। ভুল করে এনটিএ, আর তার সাজা খাটতে হয় পরীক্ষার্থীদের।"
দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বিরোধী দলনেতা বলেন যে, এই ব্যবস্থা এখন গভীরভাবে ত্রুটিপূর্ণ। তিনি কোটা, দেরাদুন ও প্রয়াগরাজের মতো স্থানগুলোতে তাঁর দেওয়া আগের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "আমি আগেই বলেছিলাম এবং বারবার বলে যাব—এটি আর কোনো শিক্ষাব্যবস্থা নয়, এটি একটি শোষণের যন্ত্রে পরিণত হয়েছে। এটি আপনার টাকা, মূল্যবান বছর, মানসিক স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস কেড়ে নেয়, কিন্তু প্রতিদানে কিছুই দেয় না। এমনকি একটি চাকরিও নয়।"