পুবের কলম ওয়েব ডেস্ক: দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে এটি কলকাতার একেবারে কাছে অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব থাকবে এবং তারপর এটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টির প্রবল আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান-সহ ছ'টি জেলায় হলুদ সতর্কতা থাকছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে সোমবার কালিম্পং ও জলপাইগুড়িতে এবং মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার-সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্রপৃষ্ঠে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। এই কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
কলকাতায় আজ দিনভর আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৪ থেকে ৯৭ শতাংশের কাছাকাছি থাকবে। মঙ্গলবারের পর থেকে সামগ্রিক আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করছে হাওয়া অফিস।