হাঙ্গেরির পূর্বাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৭ জন। রবিবার ভোরে মেজোকোভেসদ শহরের কাছে সার্বিয়া থেকে পোল্যান্ডের উদ্দেশে যাওয়া একটি পর্যটকবাহী বাস মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমটিআই জানিয়েছে, বাসটিতে ৫৭ জন যাত্রী ও দুই চালক ছিলেন।

দুর্ঘটনার পর বাসের কয়েকজন যাত্রী ভেতরে আটকে পড়েন। ফায়ার সার্ভিস ও উদ্ধারকারীরা জানালা দিয়ে তাঁদের বের করে আনেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও একজন মারা যান।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা, চালক ঘুমিয়ে পড়ার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে থাকতে পারে। দুর্ঘটনার পর চালককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাজিয়ার এবং পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কি। নিহতদের পরিচয় নিশ্চিত করতে হাঙ্গেরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০০৩ সালের পর হাঙ্গেরিতে এটিকে সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।