পুবের কলম ওয়েব ডেস্ক: বাংলাদেশে হামের টিকাকরণ কার্যক্রমে ভয়াবহ অনিয়ম এবং এর ফলে প্রায় এক হাজার শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় উঠেছেন প্রাক্তন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এই চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে রবিবার বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলিতে আইনি নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম।
আরও পড়ুন:
অভিযোগে প্রকাশ, ২০২৪ সালের ৮ অগস্ট ক্ষমতা গ্রহণের পর ব্যক্তিগত আর্থিক ফায়দা লোটার উদ্দেশ্যে ইউনিসেফের কাছ থেকে টিকা কেনা বন্ধ করে দিয়েছিলেন ইউনুস। সরকারি ব্যবস্থার পরিবর্তে এই টিকা সংগ্রহের সম্পূর্ণ দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছিল।
এই বিতর্কিত সিদ্ধান্তের কারণে দেশজুড়ে হামের টিকাকরণ পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। পরবর্তীকালে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসে পুনরায় সরকারি উদ্যোগে টিকা কেনার ব্যবস্থা গ্রহণ করলেও, ততদিনে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।আরও পড়ুন:
আইনজীবী আশরাফুল ইসলাম সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, শিশুদের জীবন রক্ষাকারী হামের টিকাকরণ বেসরকারি হাতে তুলে দেওয়ার এই অপচেষ্টার সঙ্গে ইউনুস সরাসরি জড়িত। এমন একটি গুরুতর অপরাধের পর তিনি যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারেন, তা নিশ্চিত করতেই এই নোটিস পাঠানো হয়েছে।
এর আগেও ইউনুসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আর্জি জানানো হয়েছিল, তবে আদালত তখন তাতে তেমন গুরুত্ব দেয়নি।আরও পড়ুন:
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯০৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে ৯৯ জনের শরীরে হামের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে এবং বাকি ৮০৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। দেশজুড়ে টিকাকরণ ও বিশেষ সতর্কতা জারি হওয়া সত্ত্বেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টাতেই নতুন করে হামের ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,১০১ জন এবং মৃত্যু হয়েছে আরও ৬ জনের।