পুবের কলম ওয়েব ডেস্ক: বিদেশযাত্রার ঠিক আগেই ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার কারণে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য দ্রুত শুনানির আর্জি জানিয়ে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন।অভিষেকের আইনজীবীর দাবি, ঠিক কী কারণে এবং কোন যুক্তিতে তাঁর মক্কেলের ব্যক্তিগত অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে, সে বিষয়ে ব্যাঙ্কের তরফ থেকে কোনও পূর্বানুমতি বা তথ্য দেওয়া হয়নি।

আদালতে সওয়াল করার সময় অভিষেকের আইনজীবী জানান, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ নম্বর ধারা প্রয়োগ না করেই বেআইনিভাবে এই পদক্ষেপ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, কোনও অ্যাকাউন্ট ফ্রিজ করতে হলে পুলিশকে প্রথমে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানাতে হয়।

এক্ষেত্রে সেই আইনি প্রক্রিয়া মানা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এই প্রেক্ষিতে বিচারপতি জানতে চান যে, অভিষেকের বিরুদ্ধে বর্তমানে কোনও মামলা চলছে কি না। জবাবে আইনজীবী জানান, আদালতের নির্দেশ মেনে তাঁর মক্কেল তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন, কিন্তু তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনও আইনত সম্পর্ক নেই। প্রাথমিক সওয়াল-জবাব শোনার পর বিচারপতি এই মামলার সঙ্গে যুক্ত সবপক্ষকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছেন। আগামী বুধবার মামলাটির পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার কথা রয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় আদালতের নির্দেশ ছাড়া তাঁর দেশ ছাড়ার অনুমতি ছিল না। গত জুলাই মাসে তিনি চিকিৎসার কারণে আমেরিকা যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। কিন্তু হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলে এবং কলকাতার এসএসকেএম হাসপাতালেই চিকিৎসার পরামর্শ দেয়। হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। দীর্ঘ আইনি টানাপোড়েনের পর অবশেষে সুপ্রিম কোর্ট তাঁকে শর্তসাপেক্ষে বিদেশযাত্রার অনুমতি প্রদান করে। কিন্তু সেই বিদেশযাত্রার ঠিক আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার জেরে ফের নতুন করে আইনি জটিলতা তৈরি হল।