পুবের কলম, ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলোকে "যৌক্তিক" আখ্যা দিয়ে রাজ্যটির মুখ্যমন্ত্রী তথা জোটসঙ্গী হেমন্ত সোরেনকে তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার অনুরোধ জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গত ১৪ আগস্ট পাঠানো এক চিঠিতে কংগ্রেস সাংসদ উল্লেখ করেন, শিক্ষার্থীদের এই প্রতিবাদ অত্যন্ত "শান্তিপূর্ণ" এবং তাঁদের বাকি থাকা দুশ্চিন্তাগুলো দূর করতে মুখ্যমন্ত্রীর সরাসরি আলোচনা করা উচিত।
 
উল্লেখ্য, গত ২৯ জুলাই থেকে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতোর নেতৃত্বে হাজার হাজার চাকরিপ্রার্থী অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) সিভিল সার্ভিস পরীক্ষা, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবিতে আন্দোলন করছেন তাঁরা।

সোমবার এই প্রতিবাদ ২৪তম দিনে পদার্পণ করেছে এবং কিছু শিক্ষার্থী অনশন কর্মসূচীও চালিয়ে যাচ্ছেন।
 
সোরেনকে লেখা চিঠিতে রাহুল গান্ধী বলেন, "কংগ্রেস দল বিশ্বাস করে যে ভারতের সংবিধানে প্রদত্ত শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার আমাদের গণতন্ত্রের প্রধান স্তম্ভগুলোর একটি। তাই বিগত কয়েক মাস ধরে প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের আমরা পূর্ণ সমর্থন জানিয়েছি।" ঝাড়খণ্ড সরকার ইতিমধ্যেই শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করায় সন্তোষ প্রকাশ করে রাহুল জানান, শিক্ষার্থীদের বেশ কয়েকটি দাবির বিষয়ে ইতিমধ্যেই সম্মতি তৈরি হয়েছে। তবে আন্দোলন যেহেতু এখনও চলছে, তাই মুখ্যমন্ত্রী নিজে প্রতিনিধিদলের সঙ্গে দেখা করলে সরকারের সদিচ্ছা আরও স্পষ্ট হবে।