পুবের কলম ওয়েব ডেস্ক: সোমবার ভোরে তারাপীঠের 'বিদেশিনী' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু বের হয়েছে ৯ জন। এর মধ্যে দুজন শিশু। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে মেঘালয় থেকে পুজো দিতে আসা একই পরিবারের পাঁচ জন এবং আলিপুরদুয়ারের তিন বাসিন্দা রয়েছেন। বিপদ বুঝে শিশুদের নিয়ে নিচে নামতে গিয়ে আগুনের মুখে পড়েন ওই পরিবারটি।

এই ঘটনায় ২৮ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও সাত জন বর্তমানে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, ভোর সাড়ে চারটে নাগাদ হোটেলের একতলায় আগুন লাগে এবং তা দ্রুত দোতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ধোঁয়া পৌঁছে যায় পাঁচতলা পর্যন্ত। আবাসিকরা আতঙ্কে নিচে নেমে আসার চেষ্টা করেন।

কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় এবং পেছনের দরজাটি বন্ধ থাকার কারণে অনেকেই অন্ধকারের মধ্যে সামনের গেট দিয়ে বেরোতে গিয়ে সরাসরি আগুনের মুখে পড়েন।

এই মর্মান্তিক ঘটনায় হোটেলের ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে মালিক কল্যাণ পালকে পুলিশ গ্রেপ্তার করেছে। অগ্নিকাণ্ডের খবরে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘটনার খোঁজখবর নেন। এদিকে, আগামী ৯ সেপ্টেম্বর আসন্ন কৌশিকী অমাবস্যার ভিড়ের কথা মাথায় রেখে তারাপীঠের সমস্ত হোটেল, লজ ও হোমস্টেতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ কড়াভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বীরভূম জেলা প্রশাসন।