কৌশিক সালুই, বীরভূম: বীরভূমে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিল অন্তঃসত্ত্বা গৃহবধূ সহ তার মায়ের প্রাণ। রবিবার ৬০ নম্বর রানিগঞ্জ-মোরগ্রাম জাতীয় সড়কের সদাইপুর থানার বাঁধেরশোল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘাতক গাড়িটিকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম নাসিমা বিবি (২৫) এবং তার মা নুরনেশা বিবি (৪৫)। নাসিমা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
তাদের বাড়ি সিউড়ির ছাপতলা এলাকায় এবং নাসিমার শ্বশুরবাড়ি ভীমগর গ্রামে। ওইদিন একটি অটোরিকশায় করে অন্তঃসত্ত্বা গৃহবধূ, তার মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা ভীমগরের দিকে যাচ্ছিলেন। গন্তব্য ছিল নাসিমার শ্বশুরবাড়ি। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে। এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটনাস্থলেই নুরনেশা বিবির মৃত্যু হয়।আরও পড়ুন:
আশঙ্কাজনক অবস্থায় অন্তঃসত্ত্বা নাসিমাকে দ্রুত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই পথ দুর্ঘটনা নাসিমার পাঁচ বছরের সন্তানও গুরুতর জখম হয়েছে। পরিবারের বাকি সদস্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। সদাইপুর থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে। স্থানীয় তৃণমূল নেতা কাজল শেখ জানান, বাবার বাড়ির লোকজন অন্তঃসত্ত্বা গৃহবধূকে তার শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন, কিন্তু পথ দুর্ঘটনা সব শেষ করে দিল।