পুবের কলম ওয়েবডেস্কঃ গতবছর লকডাউনের সময় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ গ্যাস লিক হওয়ার ঘটনায় শিশুসহ মোট ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। সেই বিষাক্ত গ্যাসের প্রভাবে হাজারেরও বেশি মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এক বছর অতিক্রান্ত হওয়ার আগেই ফের দেশের মাটিতে গ্যাস লিক হওয়ার মতো ঘটনা ঘটল। এবার মহারাষ্ট্রের থানে জেলার বদলাপুর শহরে গ্যাস লিক হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন:
ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার রাত প্রায় সওয়া ১০টা নাগাদ।
বদলাপুরের নোবেল ইন্টারমিডিয়েটস প্রাইভেট লিমিটেড নামের একটি রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে শুরু করে। গ্যাস লিক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয় এবং তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই গ্যাস লিক ঘটনার ফলে আশপাশের এলাকার বহু মানুষ শ্বাসকষ্ট এবং চোখ জ্বলার মতো শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। অসুস্থদের মধ্যে কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হলেও প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।