পুবের কলম, ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-এর লা গার্ডিয়া বিমানবন্দর-এ ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা লাগল একটি দমকলের। ঘটনায় আহত হয়েছেন একাধিক দমকলকর্মী। স্থানীয় সময় সোমবার রাতে এয়ার কানাডা-র একটি যাত্রীবাহী বিমান রানওয়েতে থাকা বিমানবন্দরের পরিষেবার দমকলকে সজোরে ধাক্কা মারে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এয়ার কানাডা এক্সপ্রেসের সিআরজে-৯০০ মডেলের বিমানটি মন্ট্রিয়াল থেকে নিউইয়র্কে পৌঁছানোর পরই এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সংঘর্ষে চারজন দমকলকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই জরুরি পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বিমানে থাকা প্রায় ১০০ জন যাত্রী ও ক্রু সদস্য নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে। তবে সতর্কতামূলকভাবে তাঁদের শারীরিক পরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানের সামনের অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য বিমান চলাচলে বিঘ্ন ঘটে এবং একাধিক ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনতে হয়। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।