পুবের কলম ওয়েব ডেস্কঃ দুর্ঘটনার কবলে পড়ল বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর এসকর্ট করা গাড়ি। বুধবার প্রচার শেষে কান্দি থেকে বহরমপুরে ফিরছিলেন অধীর। সেই সময় ওই গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন অধীর। এই ঘটনার পরেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

 

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, এদিন কান্দি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অধীর। সেখানথেকে ফেরার পথেই দুর্ঘটনা। পুলিশের অনুমান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এসকর্ট করা গাড়িতে ধাক্কা মারে। ওই গাড়িতে ছিলেন কেন্দ্রীয় বাহিনির জওয়ানরা। তাঁরা অধীর চৌধুরীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

ঘটনায় গাড়ির পিছনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় আঘাত পেয়েছেন কয়েকজন জওয়ান। তবে অধীর সুরক্ষিত আছেন। কংগ্রেসের অভিযোগ, দুর্ঘটনার পর কোনও পুলিশ সহযোগিতা করেনি। তাঁদের আরও অভিযোগ, দুর্ঘটনার ২০ মিনিট পেরিয়ে গেলেও কান্দি থানার আইসিকে ঘটনাস্থলে দেখা যায়নি।
তাঁদের দাবি, নিরাপত্তারক্ষীদের যে গাড়িতে ট্রাক ধাক্কা মেরেছে, সেই গাড়ির ঠিক পিছনেই ছিল অধীর চৌধুরীর গাড়ি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। এমনটাই জানাচ্ছেন তাঁর সঙ্গে থাকা কংগ্রেস কর্মীরা। কীভাবে দুর্ঘটনা? হাইপ্রোফাইল নিরাপত্তা ব্যবস্থায় গলদ ছিল কিনা তা জানতে তড়িঘড়ি রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।