পুবের কলম ওয়েব ডেস্ক: ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে ভয়াবহ হামলার ছক রুখে দিল নিরাপত্তা বাহিনী। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, আইএসআই-মদতপুষ্ট 'শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক' নামের একটি জঙ্গি সংগঠনকে ভেঙে দিয়ে এই ভয়াবহ নাশকতার পরিকল্পনা বানচাল করা হয়েছে।
আরও পড়ুন:
সোমবার সোশ্যাল মিডিয়া এক্স-এ স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের ১৪টি রাজ্যে একযোগে অভিযান চালিয়ে ওই জঙ্গি গোষ্ঠীর ২০০ জনেরও বেশি সদস্যকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। দেশজুড়ে চালানো এই সফল আন্তঃরাজ্য অভিযানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের 'জিরো টলারেন্স' বা শূন্য সহনশীলতা নীতির একটি অন্যতম উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন তিনি।
আরও পড়ুন:
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নিরাপত্তা বাহিনী এই তল্লাশি অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে আইইডি, পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির ছাপ থাকা গ্রেনেড, পিস্তল, তাজা কার্তুজ এবং বেশ কিছু সিসিটিভি ক্যামেরা। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ওই সিসিটিভি ক্যামেরাগুলো মূলত গুপ্তচরবৃত্তির কাজেই ব্যবহার করা হচ্ছিল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে, এই নেটওয়ার্কটি অতীতেও একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। তবে এই বিশাল অভিযান কোন কোন নিরাপত্তা সংস্থা মিলে চালিয়েছে বা অতীতের ঘটনাগুলি ঠিক কী ছিল, সেই বিষয়ে তিনি বিস্তারিত কোনও তথ্য দেননি।