ঝাড়খণ্ডে জেপিএসসি-জেএসএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তাঁদের সঙ্গে সরাসরি বৈঠকের আবেদন জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পড়ুয়াদের দাবিগুলিকে সমর্থন করে দ্রুত সমস্যার সমাধানে পদক্ষেপ করারও আবেদন জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রাহুল বলেন, আন্দোলনকারীদের বিক্ষোভ এখনও পর্যন্ত শান্তিপূর্ণ এবং তাঁদের দাবিগুলিও ন্যায্য। তাই মুখ্যমন্ত্রীর নিজে পড়ুয়াদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা উচিত। তাঁর মতে, সরাসরি বৈঠক হলে সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও আরও জোরালো হবে।


ঝাড়খণ্ডে এই আন্দোলনের ২৪তম দিন চলছে। ছয় জন চাকরিপ্রার্থী এখনও অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাচ্ছেন। সরকারের সঙ্গে একাধিক দফা বৈঠক হলেও এখনও কোনও চূড়ান্ত সমাধান সূত্র বের হয়নি।

আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের সিবিআই তদন্ত এবং পরীক্ষা বাতিল করা। আগামী ২০ আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

এদিকে, সোমবার আন্দোলনকারীদের সঙ্গে আরও এক দফা বৈঠকে বসছে ঝাড়খণ্ড সরকার। এটি হবে দু’পক্ষের সপ্তম দফার আলোচনা।

রাহুল গান্ধী তাঁর চিঠিতে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারকে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেছেন। পাশাপাশি বিজেপি ও আরএসএসের সমালোচনা করে তাঁর অভিযোগ, দেশের শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটছে এবং এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে যুবসমাজের উপর।

অন্যদিকে, নিয়োগ পরীক্ষা আরও স্বচ্ছ করতে বার্ষিক পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ, প্রযুক্তিনির্ভর পরীক্ষা ব্যবস্থা, সময়মতো উত্তরপত্রের কী ও OMR শিট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়ায় জবাবদিহি বাড়ানোর মতো একাধিক পদক্ষেপের কথা জানিয়েছে ঝাড়খণ্ড সরকার।