পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে আবাস যোজনায় নতুন করে প্রায় ৩০ লক্ষ বাড়ি তৈরি হতে চলেছে। সোমবার পুরুলিয়ার মানবাজারে জাইকা জল প্রকল্পের সূচনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন পূর্বতন তৃণমূল সরকারের কড়া সমালোচনা করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগের মতো কাটমানি, তোলাবাজি বা সিন্ডিকেটরাজ আর বরদাস্ত করা হবে না। বাড়ি তৈরির জন্য কেউ এক টাকাও দাবি করলে সরাসরি তাঁকে খবর দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর আশ্বাস, জঙ্গলমহলে আর কোনও ছাদহীন বাড়ি থাকবে না।

আবাস যোজনার পাশাপাশি এদিন কর্মসংস্থান নিয়েও বড় বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, আগামী ২০২৭ সালের মধ্যে পুলিশ ও শিক্ষকতা সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে প্রায় ১ লক্ষ নিয়োগ করা হবে। পূর্বতন সরকারের আমলের দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, এবার থেকে প্রধানমন্ত্রী ও রাজ্য আবাস যোজনার বাড়ি তৈরির জন্য উপভোক্তারা বৈধভাবে মাত্র ১২০০ টাকায় বালি পাবেন। রাজ্যের সমস্ত অবৈধ বালির ঘাটকে বৈধ করা হবে বলেও তিনি জানান।

রাজ্যে বিজেপি সরকার গঠনের ১০০ দিন পূর্ণ উপলক্ষে এদিন সরকারের একাধিক সাফল্যের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, আগের সরকারের আমলে জল জীবন মিশনের ২৭ হাজার কোটি টাকা নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে, যার ফলে মানুষের বাড়িতে কল থাকলেও জল পৌঁছয়নি। বর্তমান সরকার সেই পরিস্থিতি বদলেছে। ১২৯৬ কোটি টাকার জাইকা প্রকল্পের মাধ্যমে এবার থেকে জনপ্রতি প্রতিদিন ৭০ লিটার করে পানীয় জল সরবরাহ করা হবে।

পাশাপাশি রাজ্যের নিরাপত্তা ও অন্যান্য প্রশাসনিক পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, বেআইনি অনুপ্রবেশ রুখতে দীর্ঘদিনের অরক্ষিত ৬০০ কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে এবং বিএসএফ-কে প্রয়োজনীয় জমি দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যে জনগণনার কাজ শুরু হওয়া, নতুন ভারতীয় ন্যায় সংহিতার বাস্তবায়ন এবং ওবিসিদের অবৈধ তালিকা বাতিলের মতো গুরুত্বপূর্ণ কাজগুলি বর্তমান সরকারের এই ১০০ দিনের মেয়াদেই সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন।