পুবের কলম, নয়াদিল্লি: ব্যক্তিগত ও আর্থিক সংকটের কারণ দেখিয়ে বিজেপি সমস্ত দলীয় পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করলেন দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপি-র জাতীয় সভাপতি নিতিন নবিনের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। একইসঙ্গে 'এক্স'-এ পদত্যাগপত্রটি প্রকাশ করে রাজনীতি ছেড়ে বেসরকারি খাতে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
চিঠিতে শেহজাদ পুনাওয়ালা জানান, এর আগে গত ৩০ জুলাই তিনি দল থেকে নিঃশর্তভাবে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তৎকালীন সময়ে বিজেপি শীর্ষ নেতৃত্ব তাঁকে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায়।
দীর্ঘ চিন্তাভাবনার পর জাতীয় মুখপাত্র ও প্রাথমিক সদস্যপদ ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্তেই অবিচল থাকেন তিনি। পুনাওয়ালা স্পষ্ট করেন, পেশাগত জীবন বদলে বেসরকারি খাতে গেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি-র আদর্শকে সমর্থন জানানো অব্যাহত রাখবেন। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, "জরুরি আর্থিক ও ব্যক্তিগত পরিস্থিতির কারণেই আমি বেসরকারি খাতে স্থানান্তরিত হচ্ছি। তবে যেখানে সম্ভব এবং যেভাবেই সম্ভব, আমি প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির দৃষ্টিভঙ্গি ও কাজকে সমর্থন জানিয়ে যাব। আমি কেবল 'ব্যবস্থা' ছাড়ছি, 'ব্যক্তি' বা 'বিচারধারা' (আদর্শ) নয়।" বিদায়লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী, বিজেপি সভাপতি এবং 'সংঘ পরিবার'-এর প্রবীণ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুনাওয়ালা।