পুবের কলম, নয়াদিল্লি: দেশের সমস্ত সরকারি বিদ্যালয়ে ছাত্রীদের জন্য উপযুক্ত ও কার্যকরী শৌচাগারের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সোমবার এই সংক্রান্ত এক জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ স্বীকার করে নেয়, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই ইস্যুতে পূর্বেই একটি নির্দেশিকা জারি করা হয়েছিল উল্লেখ করে শীর্ষ আদালত মামলাটি তদারকির জন্য সংশ্লিষ্ট বেঞ্চেই পাঠানোর নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহন সমন্বয়ে গঠিত বেঞ্চে সোমবার আইনজীবী রিপক কংসাল ও অন্য একজনের দায়ের করা মামলাটির শুনানি হয়। 

শুনানি চলাকালীন প্রধান বিচারপতি জানান, চলিত বছরের ৩০ জানুয়ারি এই একই বিষয়ে বিস্তৃত নির্দেশিকা জারি করেছিল বিচারপতি জে বি পারদিওয়ালার নেতৃত্বাধীন একটি বেঞ্চ।

বিষয়টি বাস্তবায়িত হচ্ছে কি না, তা বর্তমানে সেই বেঞ্চ নিজেই তদারকি বা পর্যবেক্ষণ করছে। ফলে বিচার ব্যবস্থার ধারাবাহিকতা ও সঠিক মূল্যায়নের স্বার্থে সোমবারের বেঞ্চটি বর্তমান মামলাটিকেও বিচারপতি পারদিওয়ালার বেঞ্চে তালিকাভুক্ত বা স্থানান্তরিত করার নির্দেশ দেয়। মামলাকারীদের পক্ষে উপস্থিত আইনজীবী শুনানিতে একটি উদ্বেগজনক তথ্য আদালতের সামনে তুলে ধরেন। তিনি বলেন, শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও বাস্তব পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক। নীতি আয়োগের সাম্প্রতিক এক প্রতিবেদনের উল্লেখ করে তিনি দাবি করেন, দেশে এখনো ৯৮,০০০-এরও বেশি সরকারি বিদ্যালয়ে ছাত্রীদের ব্যবহারের উপযোগী বা কার্যকরী কোনো শৌচাগার নেই।