পুবের কলম, ওয়েবডেস্ক: আসামের চিরাং জেলায় ১৬ বছর বয়সী এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে এনকাউন্টার করল পুলিশ। মঙ্গলবার অপরাধের স্থান পরিদর্শনের সময় সে পুলিশ কর্মীদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। চিরাং জেলার পুলিশ সুপার (এসপি) ধ্রুব বোরা জানিয়েছেন, এই মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 
 
পুলিশ সুপার ধ্রুব বোরা বলেন, "এই ঘটনায় মোট তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

আজ মামলার তদন্তকারী কর্মকর্তা মূল অভিযুক্ত নাসির-উল-হোসেনকে সেই স্থানে নিয়ে গিয়েছিলেন যেখান থেকে অপরাধের সূত্রপাত হয়েছিল। সেখানে সে আচমকাই পুলিশের ওপর হামলা চালায় এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তদন্তকারী কর্মকর্তা গুলি চালান। পরবর্তীতে তাকে পুনরায় ধরা হয় এবং বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
"
 
তদন্তকারীরা জানিয়েছেন, গত ২৪ জুলাই এই ঘটনাটি ঘটলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে। অভিযুক্তদের একজন ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে ঘটনাটি জানাজানি হয়। ১৫ আগস্ট ওই নাবালিকার মা ভিডিওটির বিষয়ে জানতে পেরে রুনিখাতা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে, অভিযুক্তদের একজন সামাজিক মাধ্যমে ওই আদিবাসী নাবালিকার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে দেখা করতে বলে। সেখান থেকে তাকে অন্য একটি স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে তিন যুবক মিলে তাকে গণধর্ষণ করে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে তৃতীয় অভিযুক্তকেও গ্রেফতার করা হয়।