পুবের কলম ওয়েব ডেস্ক: সমাজমাধ্যমে শিশু নিগ্রহের কন্টেন্ট এবং ভুয়ো খবরের ছড়াছড়ি রুখতে এবার কড়া অবস্থান নিয়েছে সরকার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের আরটিআই থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে জুলাই মাসের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স-এর মতো প্ল্যাটফর্মগুলিকে প্রায় ১ লক্ষ ৯৫ হাজার পোস্ট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
পরিসংখ্যান বলছে, এই পাঁচ মাসে প্রতিদিন গড়ে ১২৭৫টি অর্থাৎ প্রতি ৬৮ সেকেন্ডে একটি করে পোস্ট সরানো হয়েছে। বিগত বছরগুলির তুলনায় চলতি বছরে সোশ্যাল মিডিয়ায় নজরদারি যে বহুগুণ বৃদ্ধি পেয়েছে, তা এই তথ্য থেকেই স্পষ্ট।
এই কড়া পদক্ষেপের জেরে সবচেয়ে বেশি কোপ পড়েছে মেটার অধীনস্থ প্ল্যাটফর্মগুলির ওপর। জানা গিয়েছে, গত পাঁচ মাসে ইনস্টাগ্রাম থেকে অন্তত ১ লক্ষ এবং ফেসবুক থেকে প্রায় ৮০ হাজার পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। ডিপফেক ভিডিও, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং বিকৃত তথ্যের রমরমা ঠেকাতে মেটা কর্তৃপক্ষকে বিস্তারিত রোডম্যাপ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন:
পাশাপাশি, সরকারের 'কুইক রেসপন্স টিম' এবং 'সহযোগ' পোর্টালের সঙ্গে সরাসরি সমন্বয় রেখে কাজ করার শর্ত দেওয়া হয়েছে সংস্থাকে, যাতে নির্দেশ পাওয়ামাত্রই বিতর্কিত কন্টেন্ট সরিয়ে ফেলা যায়। এই কড়াকড়ির জেরে ডিপফেক ছাড়াও নিট আন্দোলন, ই২০ বিতর্ক এবং বাংলার বিধানসভা নির্বাচন সংক্রান্ত একাধিক পোস্টও মুছে ফেলা হয়েছে।