কালিম্পঙের গরুবাথান ব্লকের বিন্দু এলাকায় ভয়াবহ ধসে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক বাইকচালক-সহ একাধিক পর্যটক। সোমবার ভারত-ভুটান সীমান্তবর্তী বিন্দু ও জলঢাকার মাঝামাঝি ভূপাল এলাকায় আচমকাই পাহাড়ের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মূল সড়কের উপর।

ধস নামার আগের মুহূর্তে এক বাইকচালক কোনওরকমে সেখান থেকে সরে যান। এরপরই বড় বড় পাথর ও মাটির চাঙড় পাহাড়ের গা বেয়ে নেমে এসে রাস্তা ঢেকে দেয়। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

ভয়াবহ ধসের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই রাস্তা বিন্দু এলাকার অন্যতম প্রধান যোগাযোগপথ হওয়ায় ধসের পর দেশের বাকি অংশের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আটকে পড়েছেন বেশ কয়েকজন পর্যটকও।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন উদ্ধার ও রাস্তা পরিষ্কারের কাজে নেমেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা এবং কালিম্পঙের বিধায়ক ভারত ছেত্রী।

আপাতত ওই পথে যাতায়াত বন্ধ রাখা হয়েছে।

কালিম্পঙের জেলাশাসক কুহুক ভূষণ জানিয়েছেন, বিন্দুতে বড় ধরনের ধস নেমেছে এবং মূল যোগাযোগের রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

স্থানীয়দের মতে, পাহাড়ে টানা বৃষ্টির জেরেই এই ধস নেমেছে। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সামনে উৎসবের মরশুম হওয়ায় পাহাড়ি এলাকায় ধসের মতো ঘটনা যাতে পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি না করে, সে বিষয়েও নজর রাখার আবেদন জানানো হয়েছে।