পুবের কলম ওয়েব ডেস্ক: তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদের পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় ও সায়নী ঘোষ-সহ ওই ২০ জন সাংসদকেও এই মামলায় যুক্ত করা হয়েছে। সোমবার শীর্ষ আদালতে মামলাটি দায়ের করা হয়েছে এবং চলতি সপ্তাহেই এর শুনানির সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, ওই ২০ জন সাংসদ তৃণমূল ছেড়ে 'ন্যাশনালিস্ট সিটিজেন্‌স পার্টি' (এনসিপিআই) নামক একটি দলে যোগ দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন। অভিষেকের অভিযোগ, ১৯৮৫ সালের দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী তাঁদের সাংসদ পদ দ্রুত খারিজ হওয়া উচিত।

গত ১৯ জুন এই বিষয়ে স্পিকারের কাছে পিটিশন জমা দিলেও কোনও শুনানি বা পদক্ষেপ করা হয়নি। উলটে সংসদে বক্তৃতার সময় তাঁদের নামের পাশে এখনও এআইটিসি (তৃণমূল) লেখা থাকছে।

স্পিকার এখনও এই দলবদলকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও, সংসদে ওই বিদ্রোহী সাংসদদের আসন সামনের দিকে এগিয়ে দেওয়া হয়েছে এবং আদি তৃণমূল সাংসদদের পিছিয়ে দেওয়া হয়েছে। স্পিকারের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে অভিষেক অবিলম্বে ২৮ জন তৃণমূল সাংসদের পুরোনো আসন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি তুলেছেন। স্পিকারের কাছে দফায় দফায় দরবার করেও কোনও সুরাহা না মেলায় শেষমেশ শীর্ষ আদালতের দ্বারস্থ হল ঘাসফুল শিবির।