পুবের কলম ওয়েব ডেস্ক: একের পর এক সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্নফাঁস এবং নানা ত্রুটির জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন পরীক্ষার্থীরা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র এই গাফিলতি রুখতে এবার কড়া পদক্ষেপ করল কেন্দ্র। পরিস্থিতি সামাল দিতে নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীর নির্দেশে এনটিএ-র কাজের ধরনে বড়সড় পরিবর্তন আনা হচ্ছে।

সোমবার উচ্চশিক্ষাসচিব এবং স্কুল শিক্ষা সচিব-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন শিক্ষামন্ত্রী।

সেখানেই এনটিএ-র পরীক্ষা ব্যবস্থার ত্রুটিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কাজের পদ্ধতিতে রদবদলের নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যেই এই সংস্থায় ব্যাপক রদবদল শুরু হয়েছে। গত জুলাই মাস থেকেই কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছিল এনটিএ। নিট প্রশ্নফাঁস এবং ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নে ত্রুটির পর এখনও পর্যন্ত মোট ৫০ জনের বেশি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

পাশাপাশি, সংস্থাকে নতুন করে সাজিয়ে তুলতে ১০টি নতুন পদে আধিকারিক নিয়োগের কাজও শুরু হয়েছে।

 পরিকাঠামোগত দিক থেকেও জোর দেওয়া হচ্ছে পরীক্ষার গোপনীয়তা রক্ষার উপর। গোপন কক্ষগুলি যাতে সম্পূর্ণ শব্দনিরোধক হয়, তার জন্য ‘এয়ার গ্যাপড সিস্টেম’ ব্যবহার করা হচ্ছে। ওইসব ঘরে মোবাইল বা অন্য কোনও ডিভাইস নিয়ে প্রবেশের ক্ষেত্রেও কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। এছাড়াও পরীক্ষা ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে চিফ টেকনোলজি অফিসার, চিফ ফিন্যান্স অফিসার-সহ সাইবার নিরাপত্তা ও প্রশ্নপত্র তৈরির জন্য বিশেষজ্ঞ আধিকারিক নিয়োগের প্রক্রিয়াও দ্রুত গতিতে চলছে।