পুবের কলম ওয়েব ডেস্ক: ক্ষমতায় আসার প্রায় তিন মাস পেরিয়ে গেলেও পশ্চিমবঙ্গ বিধানসভায় এখনও শূন্য রয়েছে ডেপুটি স্পিকারের পদ। তবে খুব শীঘ্রই এই পদে দলের একজন অভিজ্ঞ বিধায়ককে বসানোর চিন্তাভাবনা করছে বিজেপি পরিষদীয় দল। সব কিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে এই শূন্যপদ পূরণ করা হতে পারে। সূত্রের খবর, এই গুরুত্বপূর্ণ পদের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ।
আরও পড়ুন:
২০২১ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দ্বিতীয়বার বিধায়ক হয়েছেন বিমান। তাঁর যুব নেতৃত্ব এবং বিধানসভার কাজকর্মের পূর্ব অভিজ্ঞতা বিবেচনা করেই তাঁকে এই সাংবিধানিক দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বিধানসভা সচিবালয়। যদিও নিজের সম্ভাব্য নিয়োগের বিষয়ে তিনি এখনও কিছু জানেন না বলেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। ফলে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত জল্পনা জারি থাকছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, রাজ্যে সরকার গড়ার পর স্পিকার পদে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুকে দায়িত্ব দিয়েছে বিজেপি। বর্তমানে কোনও ডেপুটি স্পিকার না থাকায়, স্পিকারদের একটি প্যানেল তৈরি করে বিধানসভার অধিবেশনের কাজ চালানো হচ্ছিল। লোকসভার ধাঁচে রাজ্য বিধানসভাতেও এই পদটি খালি রাখা হবে বলে রাজনৈতিক মহলে যে জল্পনা তৈরি হয়েছিল, নতুন এই সিদ্ধান্তের ফলে তার অবসান হতে চলেছে। এখন শুধু বিশেষ অধিবেশন ডেকে চূড়ান্ত নাম ঘোষণার অপেক্ষা।