পুবের কলম ওয়েব ডেস্ক: বিধানসভার বিরোধী দলনেতা কে হবেন, তা নিয়ে চলা আইনি লড়াইয়ে কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। মঙ্গলবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মামলায় তারা এখনই কোনও হস্তক্ষেপ করবে না। ফলে বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত বিরোধী দলনেতার পদে বহাল থাকছেন ‘আসল তৃণমূল’-এর নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
বিচারপতি শম্পা সরকার ও অজয়কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ মামলাটি ফের সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠিয়েছে।
আদালতের নির্দেশ, আগামী দুই মাসের মধ্যে সিঙ্গল বেঞ্চকে এই মূল মামলার চূড়ান্ত নিষ্পত্তি করতে হবে। ততদিন পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই বিরোধী দলনেতার দায়িত্ব সামলাবেন। তবে ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে মনে করিয়ে দিয়েছে যে, স্পিকারের এই সিদ্ধান্তটি সম্পূর্ণ ‘অস্থায়ী’। পরবর্তীতে আদালতের চূড়ান্ত রায়ে এই সিদ্ধান্ত বদলও হতে পারে।আরও পড়ুন:
উল্লেখ্য, সরকার গঠনের পর থেকেই বিরোধী দলনেতার আসন নিয়ে কালীঘাট তৃণমূল এবং আসল তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি চলছে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু সংখ্যাধিক্যের ভিত্তিতে ঋতব্রতর নামে সিলমোহর দেন। কেন বহিষ্কৃত হওয়া সত্ত্বেও তাঁদের গুরুত্ব দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলে স্পিকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কালীঘাট তৃণমূলের মনোনীত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। ডিভিশন বেঞ্চের মঙ্গলবারের রায়ের পর মনে করা হচ্ছে, এই বিবাদের নিষ্পত্তি খুঁজতে আগামী দিনে শীর্ষ আদালতেরও দ্বারস্থ হতে পারে কালীঘাট শিবির।