পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের নির্বাচনী ব্যবস্থা ও ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে নিয়ে দেওয়া মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানাল কংগ্রেস। ট্রাম্প এবং ভারতের নির্বাচন কমিশনকে নিশানা করে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা কটাক্ষ করে জানান, ট্রাম্পের উচিত জ্ঞানেশ কুমার ও ভারতের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আমেরিকায় নিয়ে যাওয়া। সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে পবন খেরা লেখেন, "মাননীয় ডোনাল্ড ট্রাম্প, অনুগ্রহ করে জ্ঞানেশ কুমার গুপ্তাকে আমেরিকায় নিয়ে যান এবং ওখানেই রেখে দিন। পরবর্তী উপলব্ধ ফ্লাইটে আমরা আমাদের ইভিএমগুলোও পাঠিয়ে দেব।
আমাদের প্রতি আপনি যত অপমান ও কটূক্তি করেছেন, তার বদলে এটা আমরা আপনার জন্য করতেই পারি।" তিনি পোস্টটির শেষে লেখেন, "টু স্যার উইথ লাভ, ফ্রম ইন্ডিয়া।"প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলো। ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে তাঁর সমালোচনা করা হয়। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিভিন্ন সময় সিইসির বিরুদ্ধে শাসক দল বিজেপির সঙ্গে যোগসাজশ করে "ভোট চুরি"র অভিযোগ এনেছেন। এমনকি, রাজ্যসভার বিরোধী এমপিরা তাঁর বিরুদ্ধে "প্রমাণিত অসদাচরণ"-এর অভিযোগ এনে পদচ্যুতির নোটিশও জমা দিয়েছিলেন। কংগ্রেসের এই কটাক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরেই সামনে এল। ট্রাম্প আমেরিকায় ভোটারদের পরিচয়পত্র নিশ্চিত করতে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাস করার পক্ষে সওয়াল করতে গিয়ে ভারতের নির্বাচনী ব্যবস্থার উদাহরণ দেন।