দীর্ঘ প্রায় ১৩ বছর পর জেলমুক্তির পথে সারদা কর্তা সুদীপ্ত সেন। পশ্চিমবঙ্গে দায়ের হওয়া একাধিক মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। এবার ত্রিপুরায় চলা মামলাগুলিতেও সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন সারদা কর্তা।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ সুদীপ্ত সেনের জামিনের আবেদন মঞ্জুর করে।

ত্রিপুরায় চলা মামলাগুলিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্তের মুখে ছিলেন তিনি।

আদালত জানিয়েছে, আবেদনকারী ২০১৬ সালের ৩০ ডিসেম্বর থেকে জেল হেফাজতে রয়েছেন। দীর্ঘ সময় ধরে হেফাজতে থাকার বিষয়টি-সহ মামলার সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তাঁকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে জামিন নিঃশর্ত নয়।

সংশ্লিষ্ট ট্রায়াল কোর্ট যে শর্ত নির্ধারণ করবে, সেই শর্তসাপেক্ষেই সুদীপ্ত সেনকে জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

সারদা চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকে দীর্ঘ সময় ধরে জেলবন্দি রয়েছেন সুদীপ্ত সেন। পশ্চিমবঙ্গে তাঁর বিরুদ্ধে চলা মামলাগুলিতে ইতিমধ্যেই জামিন পাওয়ার পর ত্রিপুরার মামলাগুলিও তাঁর জেলমুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পর সেই বাধাও অনেকটাই কাটল।

ফলে প্রায় ১৩ বছর পর সারদা মামলায় অভিযুক্ত সুদীপ্ত সেনের জেল থেকে বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।