পুবের কলম ওয়েবডেস্ক, জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে নতুন করে উত্তেজনার আবহে মণিপুরে ২০ থেকে ২২ আগস্ট পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১৯ আগস্ট, বুধবার সন্ধ্যায় শিক্ষা দফতর এ বিষয়ে নির্দেশ জারি করে। প্রশাসনের তরফে বন্ধের কারণ হিসেবে রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা জানানো হয়েছে।

নির্দেশ অনুযায়ী, রাজ্য শিক্ষা বোর্ডের পাশাপাশি সিবিএসই এবং অন্যান্য বোর্ডের অধীন স্কুলগুলিও এই সিদ্ধান্তের আওতায় থাকবে। সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

বৃহস্পতিবার ২০ আগস্ট থেকে শনিবার ২২ আগস্ট পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। এদিকে মণিপুরে এনআরসি-কে কেন্দ্র করে আন্দোলনও তীব্র হয়েছে। বিভিন্ন সংগঠনের দাবি, ২০২৭ সালের জনগণনা শুরু করার আগে রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জি হালনাগাদ করতে হবে। এই দাবিতে সাম্প্রতিক দিনগুলিতে একাধিক এলাকায় বিক্ষোভ হয়েছে। রবিবার রাতেও বিভিন্ন জায়গায় মশাল মিছিল হয়।

‘এনআরসি আগে, জনগণনা পরে’ দাবিকে সামনে রেখে আন্দোলনের জেরে রাজ্যের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কার মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

উল্লেখ্য যে, মণিপুরের ‘ক্যাম্পেন ফর জাস্ট অ্যান্ড ফেয়ার ডিলিমিটেশন’ (জেএফডি)-সহ বিভিন্ন সংগঠন দাবি করছে, ২০২৭ সালের জনগণনা শুরু করার আগে রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) হালনাগাদ করতে হবে। তাদের বক্তব্য, আগে এনআরসি করে রাজ্যের প্রকৃত নাগরিকদের চিহ্নিত করা হোক, তারপর জনগণনা করা উচিত। পাশাপাশি জাতিগত সংঘর্ষে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দাবিও রয়েছে।