পুবের কলম ওয়েব ডেস্ক: পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশের পর চলতি বছরে এই প্রথম রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে নিজের বোন ও স্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সুপ্রিম কোর্ট সপ্তাহে এক দিন পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়ার পরই এই বৈঠকের ব্যবস্থা করা হয়। ২০২৩ সাল থেকে আদিয়ালা জেলে বন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
আরও পড়ুন:
জেল সূত্রে জানা গিয়েছে, কারাগারের কনফারেন্স রুমে ইমরানের সঙ্গে তাঁর বোন নূরিন নিয়াজির প্রায় ১৫ মিনিট কথা হয়। সেখানে তাঁর শারীরিক পরিস্থিতি ছাড়াও স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ নিয়ে আলোচনা হয়।
তবে এই সাক্ষাতকে কোনওভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না বলে আগেই সতর্ক করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিনের সাক্ষাতে ইমরানের অন্য দুই বোন আলিমা ও উজমা কিংবা পিটিআই-এর কোনও রাজনৈতিক নেতাকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।আরও পড়ুন:
অন্যদিকে, একই জেলে বন্দি স্ত্রী বুশরা বিবির সঙ্গেও প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট আলাদাভাবে সাক্ষাৎ করেন ইমরান খান। এ ছাড়া বুশরা বিবি তাঁর প্রথম পক্ষের দুই সন্তান মুসা ও মুবাশরা মানেকা এবং আত্মীয়া মেহেরুন্নিসার সঙ্গেও প্রায় ৪০ মিনিট কথা বলেন। উল্লেখ্য, আগামী ১৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানির আগে পর্যন্ত ইমরান খানকে চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।