পুবের কলম, নয়াদিল্লি: সারদা চিটফান্ড মামলায় অন্যতম অভিযুক্ত তথা সারদা গ্রুপের ডিরেক্টর সুদীপ্ত সেনকে জামিন দিল সুপ্রিম কোর্ট। তিনি ২০১৬ সালের ৩০ ডিসেম্বর থেকে হেফাজতে ছিলেন। এই দীর্ঘমেয়াদি বন্দি থাকার বিষয়টি বিবেচনা করে শীর্ষ আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি হয়।
মামলার অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার পর বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, "পরিস্থিতির সার্বিক দিক এবং আবেদনকারী ২০১৬ সালের ৩০ ডিসেম্বর থেকে হেফাজতে রয়েছেন—এটি বিবেচনা করে, আমরা নিম্ন আদালতের নির্ধারিত শর্ত সাপেক্ষে আবেদনকারীকে জামিন দেওয়ার পক্ষে মত দিচ্ছি। তদনুসারে নির্দেশ দেওয়া হলো।"প্রসঙ্গত, সুদীপ্ত সেনের বিরুদ্ধে অভিযোগ ছিল, সারদা গ্রুপের মাধ্যমে এজেন্ট নিয়োগ করে পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী রাজ্যগুলোর বহু ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল। নির্ধারিত সময় পার হওয়ার পর সংগৃহীত অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে এই বিশাল আর্থিক প্রতারণার বিষয়টি জনসমক্ষে আসে। পরবর্তীতে, সিবিআই সহ কেন্দ্রীয় সংস্থাগুলো তদন্তে নেমে সারদা গোষ্ঠীর কর্তাব্যক্তি এবং এই ঘটনার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাকে গ্রেফতার করে।