পুবের কলম, নয়াদিল্লি: নিট প্রশ্নফাঁস এবং নানা অনিয়ম রুখতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে একটি সুসংগঠিত, শক্তিশালী ও স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বার্তা দিল সুপ্রিম কোর্ট। পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দিল দেশের শীর্ষ আদালত। বুধবার নিট পরীক্ষা সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলার শুনানিতে বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
 
ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন, ইউনাইটেড ডক্টরস ফ্রন্ট এবং সাংসদ সুধাকর সিং সহ একাধিক পক্ষের দায়ের করা মামলার শুনানি চলাকালীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, দেশের পরীক্ষা ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে এনটিএ-কে একটি প্রাণবন্ত ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। আদালত মন্তব্য করে, "আমাদের মূল দায়িত্ব হলো একটি প্রাণবন্ত প্রতিষ্ঠান গড়ে তোলা, যাকে নিয়ে পুরো দেশ গর্ব করতে পারে।

সঠিক প্রাতিষ্ঠানিক রূপ না দিলে অভিজ্ঞ কর্মকর্তারা বদলি হয়ে যান এবং তাঁদের অভিজ্ঞতা নষ্ট হয়। তাই প্রাতিষ্ঠানিক স্মৃতি ও দক্ষতা ধরে রাখতে স্থায়ী অবকাঠামো, গবেষণা ও উন্নয়ন ব্যবস্থা এবং নিজস্ব ডাটাবেস তৈরি করা প্রয়োজন।"
 
এদিন পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে কেন্দ্র সরকারের গঠিত রাধাকৃষ্ণন কমিটি এবং নান্দন নিলেকানি কমিটির সুপারিশগুলো কীভাবে কার্যকর করা হচ্ছে, তা জানিয়ে কেন্দ্রীয় সরকারকে দ্রুত হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত। এনটিএ-র খোলনলচে বদলাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করেছে নান্দন নিলেকানি কমিটি। কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে, রাধাকৃষ্ণন কমিটির প্রস্তাব এবং নিলেকানি কমিটির প্রযুক্তিগত সুপারিশ প্রয়োগে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্পষ্ট করতে। পরবর্তী শুনানির আগে আগামী ৩ সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।