পুবের কলম ওয়েব ডেস্ক: ভারত-নেপাল ও বাংলাদেশ সীমান্তে গুপ্তচরবৃত্তি এবং চিনের নজরদারি বৃদ্ধির মতো জাতীয় নিরাপত্তার স্পর্শকাতর আবহে আজ, বৃহস্পতিবার তিন দিনের সফরে উত্তরবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে তাঁর এই সফরে একদিকে যেমন কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা অগ্রাধিকার পাচ্ছে, তেমনই দীর্ঘদিনের পাহাড় সমস্যা সমাধানেও বিশেষ পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকার।
আরও পড়ুন:
সম্প্রতি দিনহাটা-সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসটিএফ-এর হাতে একাধিক পাক গুপ্তচর বা আইএসআই এজেন্ট ধরা পড়েছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের নিরাপত্তা বলয় নিশ্ছিদ্র করতে আগামী ২১ অগস্ট সেনা আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের সীমান্ত সুরক্ষা বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বিএসএফ ও এসএসবি-র কর্মসূচিতেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
ওই দিনই শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে দেশের নতুন তিনটি ফৌজদারি আইন নিয়ে আয়োজিত এক বিশাল আইনি প্রদর্শনীতেও উপস্থিত থাকবেন তিনি।আরও পড়ুন:
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ২২ অগস্ট। ওই দিন পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি ও সমস্যা সমাধানের লক্ষ্যে একটি বিশেষ বৈঠক করবেন অমিত শাহ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন সাংসদ রাজু বিস্তা, গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং, রোশন গিরি, জিএনএলএফ নেতা মন ঘিসিং-সহ পাহাড়ের অন্যান্য বিধায়ক ও আঞ্চলিক দলের প্রতিনিধিরা। রাজ্যের বর্তমান সরকারের সঙ্গে পাহাড়ের নেতাদের সাম্প্রতিক আলোচনার ইতিবাচক আবহে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।