পুবের কলম ওয়েবডেস্ক, দীর্ঘ ৩৫ বছর পর ফের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বাংলাদেশে। প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের গত ২৪ জুলাই পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়। আজ, ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার।

এবারের নির্বাচনে মুখোমুখি হয়েছেন শাসক বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী ড. ওলি আহমদ বীর বিক্রম। গত প্রায় তিন দশক ধরে বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে এসেছে। সংসদে সংখ্যাগরিষ্ঠ দল যে প্রার্থীকে মনোনয়ন দিত, তিনিই সাধারণত নির্বাচিত হতেন। এবার ১১-দলীয় জোট পৃথক প্রার্থী দেওয়ায় সেই ধারায় ছেদ পড়েছে।

নির্বাচন কমিশনের হিসাবে, মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন। ১৩ আগস্ট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছিল—ওলি আহমদের পক্ষে দুটি এবং মির্জা ফখরুলের পক্ষে একটি। যাচাইয়ের পর সবকটিই বৈধ ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী ওলি আহমদের দুটি মনোনয়নপত্রের একটি অতিরিক্ত হিসেবে গণ্য হয়েছে।

১৮ আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হলেও কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি।

১৯৯১ সালের পর এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই নির্বাচনে বিএনপির আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে আওয়ামী লীগ-সমর্থিত বদরুল হায়দার চৌধুরীকে (৯২ ভোট) পরাজিত করেছিলেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন জানিয়েছেন, ভোট ও গণনা স্বচ্ছ রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ বিকেল ৫টায় ভোট শেষ হওয়ার পরই গণনা শুরু হবে এবং প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিক ফল ঘোষণা করবেন। বিশেষ ভোটারদের ভোট ও গণনা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।