পুবের কলম ওয়েব ডেস্ক: পূর্ব ঘোষণা ছাড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ এবং দু'টি ক্রেডিট কার্ড ব্লক করার ঘটনায় সংশ্লিষ্ট ব্যাঙ্ককে কড়া ভর্ৎসনা করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী জানান, কোনও কারণ না জানিয়েই অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। পরে ব্যাঙ্কের কাছে জানতে চাওয়া হলে তারা কেওয়াইসি করার জন্য তাঁকে সশরীরে ব্যাঙ্কে যেতে বলে। অথচ তাঁর বর্তমান কেওয়াইসির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত রয়েছে।
আরও পড়ুন:
এই বক্তব্য শোনার পর বিচারপতি কৃষ্ণ রাও ব্যাঙ্কের চিঠির ভাষা নিয়ে উষ্মা প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, বর্তমানে যেখানে সরকারি কর্মীদের কেওয়াইসি-ও অনলাইনে হয়, সেখানে অভিষেককে কেন ডাকা হল? ব্যাঙ্ক কি তাঁর মুখ দেখতে চাইছে? এরপর ব্যাঙ্কের আইনজীবী দাবি করেন, অভিষেকের তথ্যের সঙ্গে ইডির একটি মামলার যোগ থাকায় অভ্যন্তরীণ কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রকাশ্যে সব বলা সম্ভব নয়।আরও পড়ুন:
ব্যাঙ্কের এই বারবার অবস্থান বদলের কারণে ক্ষুব্ধ হন বিচারপতি। তিনি জানান, ব্যাঙ্ক প্রথমে কেওয়াইসির কথা বলেছিল, এখন ইডির নাম করছে। অবস্থান স্পষ্ট না করলে ব্যাঙ্কের ম্যানেজারকে তলব করা হবে বলেও আদালত হুঁশিয়ারি দেয়। পরিস্থিতি সামলাতে ব্যাঙ্কের কর্মীকে অভিষেকের বাড়িতে পাঠিয়ে কেওয়াইসি করানোর প্রস্তাব দেন ব্যাঙ্ক-আইনজীবী। তবে আদালত সাফ জানিয়েছে, কেওয়াইসির জন্য কী কী নথি প্রয়োজন তা ব্যাঙ্ককে জানাতে হবে এবং অত্যন্ত দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে।