জিবি মিটিংকে কেন্দ্র করে বুধবার রাত থেকেই উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার যাদবপুর অভিযানের ডাক দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবং স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)। দুই সংগঠনের কর্মী-সমর্থকেরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জমায়েত শুরু করায় নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।
এবিভিপির কর্মীরা যাদবপুর থানার সামনে জমায়েত করেছেন। সংগঠনের পক্ষ থেকে গোলপার্ক থেকে মিছিল করে যাদবপুরের দিকে যাওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।

অন্যদিকে, ৮বি বাসস্ট্যান্ড এলাকায় জমায়েত শুরু করেছে এসএফআইয়ের কর্মী-সমর্থকেরা।

দুই সংগঠনের কর্মসূচিকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসন। যাদবপুর বিশ্ববিদ্যালয়, ৮বি, গোলপার্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

জিবি মিটিংকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তৈরি হওয়া উত্তেজনার আঁচ এবার রাজপথেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুই সংগঠনই নিজেদের কর্মসূচি সফল করতে প্রস্তুতি নিচ্ছে। ফলে যাদবপুরে এবিভিপি ও এসএফআইয়ের পাল্টাপাল্টি অভিযান ঘিরে পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই নজর প্রশাসনের।

এসএফআইয়ের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ে কোনও সংগঠনের ‘মাতব্বরি’ মেনে নেওয়া হবে না। অন্যদিকে, এবিভিপিও নিজেদের কর্মসূচি নিয়ে অনড়। সব মিলিয়ে দুই ছাত্র সংগঠনের মুখোমুখি কর্মসূচিকে ঘিরে যাদবপুরে চাপা উত্তেজনা অব্যাহত রয়েছে।