পুবের কলম ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা পূর্ব ভারতের রেল পরিকাঠামোর উন্নয়নে ৯,৪৫০ কোটি টাকা ব্যয়ে চারটি নতুন রেল প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল খড়গপুর-ভদ্রক চতুর্থ লাইন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর আটটি জেলা এই প্রকল্পের সুবিধা পাবে এবং রেল মানচিত্রে প্রায় ৪১০ কিলোমিটার নতুন লাইন যুক্ত হবে।
আরও পড়ুন:
খড়গপুর-ভদ্রক রুট ছাড়াও ওড়িশার ভদ্রক-হরিদাসপুরে ৭৫ কিলোমিটার চতুর্থ লাইন, কটক-পারাদ্বীপে ৭২ কিলোমিটার তৃতীয় ও চতুর্থ লাইন এবং অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ু সীমান্তে গুস্মিডিপুন্ডি-গুডুরে ৯০ কিলোমিটার তৃতীয় ও চতুর্থ লাইন তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছে। পিএম-গতি শক্তি মাস্টারপ্ল্যানের অন্তর্গত এই প্রকল্পগুলির জেরে যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহণেও ব্যাপক গতি আসবে।
এই রুটে কয়লা, লোহা, ইস্পাত, সিমেন্ট, অটোমোবাইল ও খাদ্যশস্য পরিবহণ আরও দ্রুত হবে। বছরে অতিরিক্ত ৭৬ মিলিয়ন টন পণ্য পরিবহণের সক্ষমতা তৈরি হওয়ায় শিল্পাঞ্চলের সঙ্গে বন্দর ও বাজারের যোগাযোগ অনেক মসৃণ হবে।আরও পড়ুন:
রেলের এই সম্প্রসারণের ফলে প্রায় ৬০ লক্ষ মানুষের বসবাসকারী ৬,৪৪৮টি গ্রামে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। পাশাপাশি ভিতরকানিকা, চণ্ডীপুর, কুলডিহা, তালসারি-উদয়পুর ও পুলিকাট হ্রদের মতো পর্যটনকেন্দ্রগুলিতে যাতায়াত অনেক সহজ হবে। রেলের এই পরিকাঠামো উন্নয়নের ফলে একদিকে যেমন রুটে ট্রেনের ভিড় ও চাপ কমবে, তেমনই পরিবহণে জ্বালানি খরচ এবং তেল আমদানিও উল্লেখযোগ্য হারে কমবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।