পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ুর বিধায়কদের জন্য এক গুচ্ছ বড় সুযোগ-সুবিধার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। বিধানসভার ২৪৪ জন বিধায়কের সকলের জন্যই সরকারি গাড়ি, জ্বালানি ও গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা এবং দাপ্তরিক কাজের সুবিধার্থে সচিব নিয়োগের সরকারি অনুদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে তামিলনাড়ু সরকার। মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় বিধানসভায় এই সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিয়ে জানান, নিজ নিজ নির্বাচনক্ষেত্রের উন্নয়নমূলক কাজ পর্যালোচনা করা এবং সাধারণ মানুষের সমস্যার কথা শোনার জন্য বিধায়কদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। সরকারি গাড়ি পাওয়ার ফলে জনপ্রতিনিধিরা আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে কাজ পরিচালনা করতে পারবেন।
 
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান বিধানসভায় এমন অনেক প্রথমবারের নির্বাচিত বিধায়ক রয়েছেন, যাঁদের আর্থিক পটভূমি অত্যন্ত সাধারণ।

সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁদের প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার অভাব কাটাতে এই সরকারি যানবাহন প্রদান বিশেষ কার্যকর হবে। উল্লেখ্য, সম্প্রতি ভিটিকে বিধায়ক জ্যোতিমণি বিধানসভায় দাবি জানান যে, প্রয়োজনীয় লজিস্টিক বা যাতায়াতের সুবিধা ছাড়া বিধায়কদের পক্ষে কার্যকরভাবে কাজ করা কঠিন। সেই দাবির প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী এই বড় পদক্ষেপ গ্রহণ করেন।
 
ঘোষণা অনুযায়ী, বিধায়কদের জন্য নতুন গাড়ি, চালকের বেতন, জ্বালানি এবং গাড়ি সুরক্ষার জন্য প্রতি মাসে ৭৫,০০০ টাকা ভাতা দেওয়া হবে। দাপ্তরিক কাজকর্ম সামলানোর জন্য একজন করে ব্যক্তিগত সচিব রাখার উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে মাসিক ২৫,০০০ টাকা অনুদান দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বিজয় বলেন, "আর্থিক সঙ্গতি না থাকা ও নতুন নির্বাচিত বিধায়করা যাতে দিনরাত পরিশ্রম করে মানুষের জন্য কাজ করতে পারেন, তার জন্যই এই সিদ্ধান্ত।"