পুবের কলম, ওয়েবডেস্ক: জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ কাটাছেঁড়া করে কংগ্রেসই দেশে মুসলিম তোষণ এবং দেশভাগের আসল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল বলে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সাম্প্রতিক একটি সিদ্ধান্তের পরই সোচ্চার হন স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেস ওয়ার্কিং কমিটি বুধবার ১৯৩৭ সালের একটি পুরনো প্রস্তাবে সম্মতি জানিয়ে সিদ্ধান্ত নেয়, এখন থেকে দলের সমস্ত অফিশিয়াল অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম দুটি স্তবকই কেবল গাওয়া হবে।
 
কংগ্রেসের এই পদক্ষেপের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগেন অমিত শাহ।

তিনি বলেন, "গতকাল কংগ্রেস ওয়ার্কিং কমিটি একটি দেশবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। তাদের ১৯৩৭ সালের প্রস্তাব অনুসরণ করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক গাওয়া হবে। আমি দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে চাই, ১৯৩৭ সালে মুসলিম তোষণের জন্য বন্দে মাতরমকে বিভক্ত করে কংগ্রেসই দেশের বিভাজনের ভিত্তি তৈরি করেছিল।" শাহের বক্তব্য, বর্তমান নরেন্দ্র মোদী সরকার জাতীয় ঐক্য সুদৃঢ় করতে কংগ্রেসের সেই ঐতিহাসিক ভুল সংশোধন করেছে এবং আইনগত কাঠামো প্রদান করেছে।
 
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কংগ্রেস তাদের এই সিদ্ধান্তের মাধ্যমে পুনরায় স্পষ্ট করে দিল যে তারা তোষণ রাজনীতিতেই বিশ্বাসী। এর মাধ্যমে তারা কেবল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অমর সৃষ্টিকেই অপমান করেনি, বরং দেশের স্বাধীনতা সংগ্রামে প্রাণ দেওয়া লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগকেও খাটো করেছে।
রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস পার্টি আবারও পুরোনো তুষ্টিকরণের রাজনীতি সামনে নিয়ে আসছে বলে দাবি করেন তিনি। শাহের দাবি, অতীতেও একবার বন্দে মাতরমকে দুই ভাগে ভাগ করার ভুল মেনে নিতে হয়েছিল এবং তার খেসারত পুরো দেশকে দিতে হয়েছে।