পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রের এনডিএ সরকারকে "সম্পূর্ণ অশিক্ষিতদের দ্বারা পরিচালিত" বলে তীব্র ভাষায় আক্রমণ করলেন আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আখ থেকে ইথানল তৈরির নীতির ফলেই দেশে চিনির তীব্র সংকট দেখা দিয়েছে বলে তিনি সুর চড়িয়েছেন। 

এক্স-এ এক পোস্টে কেজরিওয়াল লেখেন, জ্বালানি তেল আমদানিতে খরচ হওয়া বৈদেশিক মুদ্রা বাঁচাতে সরকার আখ থেকে ইথানল তৈরি শুরু করেছিল। এর ফলশ্রুতিতে দেশে চিনির ঘাটতি দেখা দিয়েছে। আর এখন সেই ঘাটতি মেটাতে সংরক্ষিত বৈদেশিক মুদ্রা খরচ করেই বিদেশ থেকে চিনি আমদানি করতে হবে।

সরকারের এই নীতিকে কটাক্ষ করে তিনি বলেন, এটি একটি অশিক্ষিতদের পরিচালিত সরকার, যেখানে কেউ জানে না কোনো সিদ্ধান্ত নিলে তার পরিণতি কী হতে পারে।
 
একটি ভিডিও বার্তায় অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেন, কেন্দ্রের ই২০ জ্বালানি নীতির সমালোচনা করা পোস্ট বা কনটেন্ট সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলার চেষ্টা করছে সরকার। দেশের বর্তমান পরিস্থিতির সাথে এর তুলনা টেনে আপ সুপ্রিমো বলেন, "দেশের ১৪০ কোটি মানুষকে মারধর করে জোরপূর্বক বলানো হচ্ছে যে 'ই২০ সঠিক'। ই২০-র বিরুদ্ধে যারাই আওয়াজ তুলছে, তাদের পেজ সরিয়ে দেওয়া হচ্ছে, ভিডিও ডিলিট করা হচ্ছে এবং এফআইআর দায়ের করা হচ্ছে। এভাবে কি ১৪০ কোটি মানুষের কণ্ঠরোধ করা সম্ভব?"