পুবের কলম ওয়েব ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলির মধ্যে অশান্তি চরম আকার ধারণ করেছে। বৃহস্পতিবার এসএফআই এবং এবিভিপি-র মিছিল ঘিরে বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন চত্বর কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। দুই দলের এই সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে থাকা বিশিষ্ট চিত্রশিল্পী নন্দলাল বসুর তৈরি ঐতিহাসিক প্রতীকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধাক্কাধাক্কিতে ওই প্রতীকের চারপাশের বলয়টি ভেঙে যায়।

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বুধবার রাতে। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে বাম ছাত্র সংগঠন ফেটসুর একটি বৈঠক চলাকালীন এবিভিপির কয়েকজন সদস্য সেখানে গিয়ে হামলা চালায়। এর পালটা মারধরের জেরে এবিভিপির কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুই পক্ষই পাল্টা কর্মসূচির ডাক দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঢাকুরিয়া ব্রিজের কাছে এবিভিপি এবং এইট বি বাসস্ট্যান্ডের কাছে এসএফআইয়ের মিছিল আটকে দেয়।
পুলিশের ব্যারিকেড থাকা সত্ত্বেও এবিভিপির কিছু সদস্য বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে পৌঁছে নিজেদের দলীয় পতাকা ওড়ান।

 সেখানে উপস্থিত বামপন্থী ছাত্রছাত্রীরা এর তীব্র বিরোধিতা করলে দু'পক্ষের মধ্যে সরাসরি সংঘর্ষ বেধে যায়। এসএফআই সদস্যদের লক্ষ্য করে ডিম ছোঁড়ারও অভিযোগ ওঠে। একইসঙ্গে ক্যাম্পাসের ভিতরেও অন্যান্য ছাত্র সংগঠন বিক্ষোভ দেখাতে শুরু করে। সব মিলিয়ে এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।