পুবের কলম ওয়েব ডেস্কঃ বড়সড় ধাক্কার মুখে আম আদমি পার্টি। একাধিক সাংসদের দলত্যাগে ইতিমধ্যেই রাজ্যসভায় দলের শক্তি কমে দাঁড়িয়েছে মাত্র তিনে। এর মধ্যেই নতুন করে জল্পনা, পাঞ্জাবে ক্ষমতাসীন দলটির ভিত নড়বড়ে হয়ে উঠছে। দাবি উঠেছে, একযোগে ২৮ জন বিধায়ক দল ছাড়ার পথে হাঁটতে পারেন। ফলে পাঞ্জাবে আপ সরকার ভাঙতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে রাজনীতিতে।

 

হরিয়ানায় দলের প্রাক্তন রাজ্য সভাপতি নবীন জয়হিন্দ জানিয়েছেন, পাঞ্জাবে দলের অন্দরে ক্ষোভ এখন তুঙ্গে। তাঁর অভিযোগ, যারা ইতিমধ্যেই দল ছেড়েছেন, তাঁদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়েছে,  এমনকি কয়েকজনের উপর শারীরিক আক্রমণের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতেই নাকি আরও অন্তত আটাশ জন বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি তাঁর। এই মন্তব্য সামনে আসতেই পাঞ্জাবের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে,  সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সবচেয়ে বড় ধাক্কা এসেছে যখন রাঘব চাড্ডা সহ একাধিক নেতা দল ছেড়ে বিজেপিতে যোগ দেন বলে দাবি করা হচ্ছে।

তাঁর সঙ্গেই আরও কয়েকজন সাংসদ গেরুয়া শিবিরে নাম লেখিয়েছেন বলে খবর। এর ফলে রাজ্যসভায় আম আদমি পার্টির সংখ্যা ব্যাপকভাবে কমে গিয়েছে, যা দলীয় অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই পাঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত নেতা মণীশ সিসোদিয়া দ্রুত দিল্লিতে ফিরে দলের শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল-এর সঙ্গে বৈঠক করেন। একই সময়ে পাঞ্জাবের মন্ত্রী বলবীর সিং-ও তাঁর সঙ্গে দেখা করেন। বৈঠকে বিজেপির বিরুদ্ধে অপারেশন লোটাস-এর অভিযোগ তোলা হয় এবং দলত্যাগীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগও ওঠে। এই পরিস্থিতিতে নবীন জয়হিন্দের বিস্ফোরক দাবি ঘিরে পাঞ্জাবের রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে।