পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথম দফার ভোটের আর কয়েক ঘণ্টা বাকি। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বললেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। মমতাকে ফোন করে তিনি সমর্থন জানিয়েছেন বলে নিজের সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন আপ নেতা।
আরও পড়ুন:
বুধবার সমাজমাধ্যমে নিজেই এই তথ্য প্রকাশ করেন কেজরিওয়াল।
তিনি জানান, ফোনে কথা বলে তিনি মমতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তাঁর কথায়, এই লড়াই শুধু একটি রাজ্যের নির্বাচন নয়, বরং দেশের গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ সংগ্রাম। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন, নির্বাচন ব্যবস্থাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে, তবে শেষ পর্যন্ত তা সফল হবে না বলেও দাবি করেন। সোশ্যাল মাধ্যমে তিনি লেখেন, "এইমাত্র দিদির সঙ্গে কথা বললাম ফোনে। সম্পূর্ণ সংহতি ও সমর্থন প্রকাশ করেছি। তিনি সবচেয়ে কঠিন লড়াইগুলির একটি লড়ছেন, যা ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইগুলির মধ্যে একটি। নির্বাচন কমিশনকে অপব্যাবহার করেও মোদীজি জিততে পারবেন না।" রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সম্প্রতি সংসদে মহিলা সংরক্ষণ সংক্রান্ত একটি বিল নিয়ে বিরোধীদের সঙ্গে কেন্দ্রের টানাপোড়েন প্রকাশ্যে আসে। সেই প্রেক্ষাপটে বাংলার নির্বাচনী লড়াইয়ে বিরোধী শিবিরের পারস্পরিক সমর্থন আরও বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে করা হচ্ছে।আরও পড়ুন:
অন্যদিকে, ভোটের মুখে নির্বাচন পরিচালনা নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে তাঁর নির্ধারিত প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশাসনিক বদল থেকে শুরু করে একাধিক সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাবের ইঙ্গিতও দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে বিরোধী শিবিরের একাংশের প্রকাশ্য সমর্থন বার্তা, বিশেষ করে কেজরিওয়ালের এই ফোনালাপ, বাংলার নির্বাচনী আবহে নতুন তাৎপর্য তৈরি করেছে বলেই মনে করা হচ্ছে।