পুবের কলম ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমশ বাড়ছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন, বাংলার নির্বাচনে জেতার জন্য নানা কৌশল নিচ্ছে বিজেপি এবং লক্ষ লক্ষ ভোটারের নাম কেটে দেওয়া হচ্ছে। 

এক বিবৃতিতে কেজরিওয়াল বলেন, বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তা শুধু একটি রাজ্যের নির্বাচন নয়, বরং গণতন্ত্রের পরীক্ষাও বটে। তাঁর মতে, বিরোধী শক্তিকে দুর্বল করতে বিভিন্ন প্রশাসনিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজে লাগানোর চেষ্টা চলছে।

কেজরিওয়ালের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় মূলত গণতন্ত্র রক্ষার লড়াই লড়ছেন। বাংলার নির্বাচনে তিনি যে অবস্থান নিয়েছেন, তা শুধু রাজ্যের রাজনীতির জন্য নয়—সারা দেশের বিরোধী রাজনীতির কাছেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। সোশাল মিডিয়ায় বিজেপির জন্য ছোট্ট একটি প্রশ্ন ছুঁড়েছেন কেজরিওয়াল। তিনি প্রশ্ন করছেন, “সমস্ত স্বশাসিত সংস্থাকে কব্জা করার পর, লক্ষ লক্ষ ভোটারের নাম কেটে দেওয়ার পরও যদি মোদিজি বাংলা দখল করতে না পারেন তাহলে কী হবে?
” কেজরির টুইটে আসলে বিজেপির প্রতি চ্যালেঞ্জের সুর রয়েছে। 

উল্লখ্যে,  অতীতেও বহুবার দেখা গেছে, শক্তিশালী বিরোধী নেতাদের চাপে ফেলতে নানা পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। বাংলাতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই অভিযোগ তুলেছে বিরোধীরা। এদিকে, বাংলার রাজনৈতিক মহলেও এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ, বিধানসভা ভোটের প্রাক্কালে জাতীয় স্তরের এক বিরোধী নেতার এভাবে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।