পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথম পর্বের ভোট মিটেছে। এবার রাজনৈতিক মহলের নজর দ্বিতীয় অর্থাৎ শেষ দফার ভোটে। এই আবহে বঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রচারে আসছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সুত্রের খবর, আগামী ২৬ এপ্রিল দুদিনের সফরে বঙ্গে আসছেন তিনি।

মমতার আমন্ত্রণে সাড়া দিয়েই রাজ্যে আসছেন কেজরিওয়াল। 

বুধবার নিজেই এই সফরের কথা ঘোষণা করেন কেজরিওয়াল। জানান, বর্তমান পরিস্থিতিতে তিনি ব্যক্তিগতভাবে "মমতা দিদি"-র পাশে দাঁড়াতে চান। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের নির্বাচন শুধুমাত্র একটি রাজ্যের ভোট নয়, বরং "ভারতীয় গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই"।

সেই কারণেই এই সময়ে তৃণমূল নেত্রীর প্রতি তাঁর সমর্থন প্রকাশকে তিনি দায়িত্ব হিসেবেই দেখছেন। সূত্রের খবর, কলকাতা-সহ একাধিক জেলায় জনসভা এবং রোডশো করার পরিকল্পনা রয়েছে কেজরিওয়ালের। সরাসরি ভোট প্রচারে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যেই তাঁর এই সফর। প্রথম দফার ভোট শেষ হতেই দ্বিতীয় দফার আগে প্রচারের গতি বাড়াতে চাইছে শাসক দল।
সেই কৌশলের অংশ হিসেবেই কেজরিওয়ালের মতো জাতীয় স্তরের নেতাকে সামনে আনা হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।

২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। তার ঠিক আগে এই দুই দিনের প্রচার অভিযানে কেজরিওয়ালের উপস্থিতি কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে নজর থাকবে রাজনৈতিক মহলের। বিশেষ করে শহর ও শহরতলির ভোটারদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা কতটা তৈরি হয়, সেটাই এখন বড় প্রশ্ন। এই সফরকে অনেকেই বিরোধী ঐক্যের একটি বড় বার্তা হিসেবে দেখছেন। একদিকে তৃণমূল অন্যদিকে আপ, দুই ভিন্ন রাজ্যের শক্তি এক মঞ্চে এসে বিজেপির বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে।