উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় :সুন্দরবন পুলিশ জেলার রায়দিঘি থানার নগেন্দ্রপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। গাজীর মোড় এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ, দু’জন মহিলা এবং তিন শিশু রয়েছে।পুলিশের প্রাথমিক দাবি, জিজ্ঞাসাবাদে আটক প্রত্যেকেই বাংলাদেশের ফিরোজপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন।

তাঁদের কাছে ভারতে প্রবেশের বৈধ নথিপত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তিদের কয়েকজন বেঙ্গালুরুতে নির্মাণ ও ভাঙাচোরা সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন।সেখানে প্রশাসনিক তৎপরতা শুরু হওয়ার পর তাঁরা রায়দিঘি থানা এলাকায় চলে আসেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। গত কয়েকদিন ধরে তাঁদের ওই এলাকায় দেখা যাচ্ছিল বলেও পুলিশ সূত্রে দাবি।

আটক ১০ জনকে বৃহস্পতিবার রায়দীঘি থানা থেকে লক্ষ্মীকান্তপুরের হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কীভাবে তাঁরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন, তাঁদের কাছে বৈধ কাগজপত্র ছিল কি না এবং রায়দিঘিতে তাঁদের থাকার কারণ কী—এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।ঘটনার পর থেকেই নগেন্দ্রপুর ও গাজীর মোড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ। তদন্তের পরই আটক ব্যক্তিদের ভারতে প্রবেশ এবং তাঁদের অবস্থান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।